
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) একটি রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সম্পূরক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলে তা জানতে চাওয়া হয়েছে।
ডিসেম্বরে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা শুরু এবং ২৩ ডিসেম্বর ফল প্রকাশের সূচি থাকায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
সেইসঙ্গে সম্পূরক এইচএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীসহ সব প্রার্থীর কাছ থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া চালু রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা এ রিট আবেদন করেছিলেন।
হাইকোর্টের এ নির্দেশের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ এখন স্থগিত বা নতুন করে ঠিক করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ দুটি বিষয়ে পাস করতে পারেননি, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন পাস করেছেন। আর ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেকই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
