
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার অতিরিক্ত ফিস আদায় এবং সরকারি কর্মকর্তাদের নামে অর্থ প্রদান সংক্রান্ত উত্থাপিত অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গত ২০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন আকিব সরদার ও রিফাত নামে দুজন গোয়ালন্দ উপজেলার সচেতন নাগরিক হিসেবে এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে একটি বিষয়ে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একটি অডিও ক্লীপ, মানি রিসিপ্ট ও প্রদত্ত অভিযোগ অনুযায়ী, নির্ধারিত ৬০০ টাকার পরিবর্তে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ৪০০ টাকা আদায় করা হচ্ছে। এ অতিরিক্ত অর্থ কোন খাতে এবং কীসের ভিত্তিতে নেওয়া হচ্ছে, সে বিষয়ে শিক্ষার্থীদের কাছে সুস্পষ্ট কোন ব্যাখা অফিস থেকে প্রদান করা হয় নাই।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহম্মদ নজির হোসেন মোল্লার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের সম্মানী বা আপ্যায়নের নামে অর্থ প্রদানের বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগ রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পুলিশ কর্মকর্তা কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তারা কলেজ পরিদর্শনে এলে তাঁদের সম্মানী বা আপ্যায়নের জন্য ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত দিতে হয় বলে তিনি উল্লেখ করেছেন। এমনকি প্রত্যেক ইউএনওকে ৫ হাজার টাকা করে দেওয়ার কথা ও তাঁর বক্তব্যে এসেছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, আমি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে আমার কাছ থেকে এক হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়। সে অনুযায়ী টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসি। পরে জানতে পারি, টাকা ফেরত দেওয়া হচ্ছে। কলেজে গিয়ে ৩০০ টাকা ফেরত পেয়েছি।
আরেক শিক্ষার্থী বলেন, আমিও আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। অধ্যক্ষের নির্দেশে এক হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে রসিদ নিয়ে আসি। পরে আমরা কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি এবং ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিই। এরপর কলেজ থেকে ফোন করে আমাকে ৩০০ টাকা ফেরত দেওয়া হয়। আমার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীও টাকা ফেরত পেয়েছেন।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্র ফি থেকে সংশ্লিষ্ট কলেজ নিজস্ব ব্যয়ের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ টাকা পরীক্ষা কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের খরচও কেন্দ্র ফি থেকে বহন করার কথা রয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। তবে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায়ের কোনো সুযোগ নেই।
অভিযোগের বিষয়ে সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, অতিরিক্ত টাকা নেওয়া বিষয় আমি জানতে পারার সাথে সাথেই তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করি।
