পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচনী প্রশিক্ষণ : রাজবাড়ীতে ২ দিন মেয়াদী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাজবাড়ীতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচনী প্রশিক্ষণ (স্থানীয় সরকার নির্বাচন) ১ম ব্যাচের ২ দিন মেয়াদী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ লাইন্স-এ,-“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচনি প্রশিক্ষণ (স্থানীয় সরকার নির্বাচন) ১ম ব্যাচের ০২ দিন মেয়াদী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এই প্রশিক্ষণ কোর্সে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা ও ইউনিট, হাইওয়ে পুলিশ এবং সিআইডি থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ শহিদুল ইসলাম ’সহ জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।