
স্টাফ রিপোর্টার : পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলা শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর স্রোত কমে যাওয়ায় পরীক্ষামূলকভাবে মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ীর জৌকুড়া ফেরিঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে নাজিরগঞ্জের উদ্যেশ্যে ছেড়ে যায় ফেরি ক্যামেলিয়া। এরআগে পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোত তৈরি হলে ঝুকি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে পারাপারের জন্য ব্যবস্থা ছিলো ইঞ্জিন চালিত ট্রলার ও স্প্রীডবোর্ড।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই নৌরুটে দুটি ফেরি রয়েছে। যার মধ্যে একটি গত দুই-তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। আর সচল থাকা অপর ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় ধরে নৌরুটটিতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে, যা বাড়তি সময় ও খরচের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ ১৬ দিন পর ফেরি পুনরায় চালু হওয়ায় যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিআইডব্লিউটিসি জৌকুড়া ঘাটটির দ্বায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরীক্ষামূলকভাবে সকাল ১১ টায় ফেরি ক্যামেলিয়া ছেড়ে যায়। আবার নাজিরগঞ্জ থেকে ফেরিটি বিকেল সাড়ে চারটায় ছেরেছে। তবে এখনো নদীতে নাব্য সঙ্কট ও স্রোত আছে। এখন থেকেই চেষ্টা করা হবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখার।
