
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে ৫টি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক এলাকা প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে বক্তৃতা করেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য মোঃ মঞ্জুর হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. নেকবর হোসেন মনি, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্র সফল হতে দেবে না। ষড়যন্ত্র রুখে দিতে শ্রমিকদল রাজপথে ছিল, আছে এবং থাকবে। ২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পালালেও তার দোসরা সারাদেশে ঘাপটি মেরে আছে। এখন তারা সন্ত্রাসী কার্যকলাপ করে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল ধরনের নৈরাজ্য রুখে দেবে তারা। ফ্যাসিস্টের কোন দোসর যেন আমাদের মাঝে ঢুকতে না পারে।
