বোন ও দুলাভাই মিলে নিজের ভাইকে অপহরণ মুক্তিপণের দাবিতে বাবা-মাকে হুমকি

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে
Oplus_131072

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের শামীম মৃধা ও নাজমা বেগম দম্পতি ৬ কন্যা সন্তানের পর একটি মাত্র পুত্র সন্তানের জন্ম দেন। সেই শিশু পুত্র সন্তানকেই নিজের মেয়ে ও জামাই অপহরণ করে মুক্তিপণের দাবিতে ক্রমাগত শিশু পুত্রের জীবননাশের হুমকি দিয়ে চলছে বলে জানিয়েছেন শামীম মৃধা।
গত ২৩ সেপ্টেম্বর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে কৌশলে অপহরণ করা হয়, ২৫ সেপ্টেম্বর থানায় জিডি করা হয়। এ ঘটনায় ওই শিশু রাসেলের পিতা শামীম মৃধা বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মা নাজমা বেগম বলেন, নিজের মেয়ে সুরাইয়া ও জামাই আকাশ অরফে আব্দুল্লাহ কমলাপুর রেলস্টেশন থেকে কৌশলে আমার শিশু পুত্র রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ না দিলে আমার শিশু পুত্র রাসেলকে হত্যার হুমকি দিয়েছে তারা।
শিশু পুত্র রাসেলের বাবা শামীম মৃধা বলেন, ছয়টি মেয়ের পরে আল্লাহ আমার একটি ছেলে সন্তান দান করে। সেই ছেলেকেই জিম্মি করে কোথায় রেখেছে তা আমার জানা নেই। মাঝে মধ্যেই মোবাইল ফোনে আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে পাশাপাশি ছেলেকে মেরে ফেলবে বলে হুমকিও দেয়। এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন তিনি ও তার পরিবার।
স্থানীয়রা বলেন, শামীম মৃধা একজন সহজ সরল প্রকৃতির মানুষ অটো ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন ধরে, সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ায় সে পথও বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় শিশু পুত্রের শোকে শামীম মৃধা ও তার স্ত্রী নাজমা বেগম প্রায় পাগল হয়ে গেছে। আমরা চাই অতি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিশু পুত্রকে উদ্ধার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমার জানা আছে। বাচ্চাটি উদ্ধার না হলে আমরা মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যে এটা নিয়ে আমরা কাজ করছি।