

মেহেদী হাসান : এক সময় রাজবাড়ীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ছিলো। এ জেলা থেকে তৈরি হওয়া খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ছিনিয়ে আনতো। কিন্তুু নানা প্রকার সঙ্কট আর অব্যবস্থায় ক্রীড়াঙ্গনের সেই সুনাম হারিয়েছে জেলাটি। দীর্ঘদিন লীগের খেলা বন্ধ থাকায় ফুটবল ও ক্রিকেটে তৈরি হচ্ছে না ভালো মানের খেলোয়াড়। আবার সুইমিং পুলের বেহাল দশা আর চোরের উৎপাতে তৈরি হচ্ছে না সাতারু। অথচ এ জেলা থেকেই এক সময় সাতারে স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন লায়লা নুর, মিতা নুর, পুতুল ঘোষ, নিবেদিতা দাসের মতো সাতারুরা। প্রতিষ্ঠার পর কেটেছে ২৪টি বছর। এ দীর্ঘ সময়ে কোন আধুনিকতার ছোয়া লাগেনি রাজবাড়ী সুইমিং পুলে, উল্টো অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, চুরি হচ্ছে আসবাবপত্রসহ বিভিন্ন অন্যান্য জিনিস। এদিকে অযত্ন আর অবহেলায় রুগ্নদশার মধ্য দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে দেশের একমাত্র এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র। দেশীয় সাংস্কৃতির বিকাশ ঘটাতে ৩৩ বছর আগে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় ৩ একর জমির উপর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতা ও শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে গড়ে উঠে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে আলোর মুখ দেখেনি এ শিল্প। কখনও পুরোপুরি বন্ধ আবার কখনও আংশিক সচল থেকে চলছে এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটি। যে কারণে খেয়ে না খেয়ে দিন পার করছে এ শিল্পের সাথে জড়িত ৬২ জন শিল্পী। যদিও শিল্পকলা একাডেমি, জেলা ক্রীড়া সংস্থা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলছেন, পৃষ্ঠপোষকতার অভাবে রাজবাড়ীর ক্রীড়াঙ্গন ও সংস্কৃতিতে দৈন্যতা চলছে। দৈন্যতা কাটাতে নেওয়া হয়েছে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত। অচিরেই শুরু হবে বিভিন্ন কার্যক্রম।

স্থানীয় বাসিন্দারা বলেন, এক সময় বিভিন্ন লীগ ও টুর্নামেন্টের খেলায় সরগরম ছিলো রাজবাড়ী জেলা স্টেডিয়াম। তখন দর্শকসারিতে উপস্থিত থাকতো হাজার হাজার দর্শক। গ্যালারির সেই দর্শকসারি এখন জরাজীর্ন, গজিয়েছে ঘাস। দীর্ঘদিন লীগের খেলা বন্ধ থাকায় এ জেলা থেকে এখন আর তৈরি হচ্ছে না খেলোয়াড়।
রাজবাড়ীর সাবেক ফুটবলার হাবিবুর রহমান হাবিব বলেন, খেলার সুযোগ-প্রশিক্ষণ ও আর্থিক সঙ্কটের কারণে মুখ থুবড়ে পড়েছে এ জেলার ক্রীড়াঙ্গন। শুধু ফুটবল নয় ক্রিকেটেও একই অবস্থা। নেই পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী, নেই দেখভালের ব্যবস্থা। যতটুকু আছে তাও সংস্কারের অভাব। পাশাপাশি রয়েছে প্রশাসনিক জটিলতা। এগুলো দুর করা গেলেই তৈরি হতে পারে আন্তর্জাতিক মানের খেলোয়াড়।
রাজবাড়ীর ফুটবলার শেখ আলী আল মামুন বলেন, রাজবাড়ী জেলা স্টেডিয়ামের মাঠে জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত, গজিয়েছে ঘাস, নেই মান সম্মত সৌচাগার, নেই পোশাক পরিবর্তন করার রুম যে কারনে অনেক খেলোয়াড় অনুশীলন করতেও আসতে চায় না। এ বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিৎ।

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর তথ্যমতে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোশকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ততা¡বধানে দেশীয় সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেল বন্ধনের উদ্দেশ্যে ১৯৯৪ সালে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় গড়ে তোলা হয় দেশের একমাত্র এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র।
ওই সময়ে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রাপ্তদের জড়ো করা হয়। যাছাইÑবাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় ৩৭ শিল্পীকে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ । বাকী ৯ জন নারী। এ অ্যাক্রোব্যাটদের উত্তর কোরিয়া থেকে প্রশিক্ষক এনে এক বছরের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে শিল্পকলা একাডেমি। পরে চুক্তিভিত্তিতে ছয় মাসের প্রশিক্ষণ প্রদান করেন চীনা প্রশিক্ষকরা। প্রশিক্ষণ গ্রহণের পর পেশাদার অ্যাক্রোব্যাট হিসেবে ১৮টি খেলা দেখানো শুরু করেন তাঁরা। অন্যরকমের এ খেলা দেখার জন্য ব্যাপক সাড়া পড়ে যায় দর্শকদের মধ্যে। টানা দু’বছর কার্যক্রম পরিচালনার পর ১৯৯৬ সালের মে মাসে আমলাতান্ত্রিক জটিলতায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর কখনও পুরোপুরি বন্ধ আবার কখনও আংশিক সচল থেকে চলছে এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটি। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত দেশের একমাত্র এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটি।
এ্যাক্রোবেটিক শিল্পি গোলাম মওলা বলেন, এ শিল্পে সামান্য বেতন ও ভাতা প্রদান করা হলেও তা নিয়মিত নয়। জীবনের ঝুকি নিয়ে দীর্ঘ ৩৩ বছর তারা এ শিল্পকে ধরে রাখলেও খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাদের।
তিনি আরো বলেন, এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনিক ভবন থাকলেও নেই প্রশাসনিক কর্মকর্তা, নেই প্রসাশনিক কোন কার্যক্রম, যে কারণে মাদক সেবীদের আনাগোনা বেড়েছে। প্রতিনিয়মিত হচ্ছে বিভিন্ন সামগ্রী চুরি।

জেলা ক্রীড়া সংস্থার তথ্যমতে,জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে পুল কাঁপিয়েছিল রাজবাড়ীর সাঁতারুরা। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছিলেন রাজবাড়ীর লায়লা নুর, মিতা নুর, পুতুল ঘোষ, নিবেদিতা দাসসহ অনেকেই। আর্ন্তজাতিক পর্যায়ে ডলি আক্তার প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। ওই সময়টাতে এসব সাঁতারুরা প্রাকটিস করতো পুকুর অথবা জলাশয়ে। তখন রাজবাড়ীতে সুইমিং পুল ছিলনা। ২০০২ সালে রাজবাড়ী স্টেডিয়ামের কাছেই পৌনে ৩ একর জায়গার উপর নির্মিত হয় জাতীয় মানের একটি সুইমিং পুল। এরপর থেকে কখনও সচল আবার কখনও অচল হয়ে পড়ে থাকে সুইমিং পুলটি।
শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা খলিলুর রহমান বলেন, রাজবাড়ী শহরের উপরে এত সুন্দর একটি সুইমিং পুল থাকলেও অবহেলা আর অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। বন্ধ থাকার কারণে মাদক সেবীদের আনাগোনা বেড়েছে আবার প্রতিদিনই চুরি হচ্ছে কোন না কোন যন্ত্রপাতি।
নাম না প্রকাশ করা শর্তে সুইমিং পুলের এক কর্মকর্তা বলেন, এখানে বর্তমানে ডিপ টিউবয়েলটি বিকল, পানিতে প্রচুর আয়রণ, ওয়াটার ফিল্টার নেই, বিল্ডিংয়ের অবস্থাও নাজুক। ভেকম ক্লিনার প্রয়োজন। চোরেরা লোহার যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার,বাতিসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে। এ সুইমিং পুলের ব্যাপারে কর্তৃপক্ষের আরো নজর দেওয়া উচিত।
তবে সম্প্রতি সৌন্দয্য বর্ধনের জন্য ও নিরাপত্তার স্বার্থে সুইমিং পুলে একটি দৃষ্টি নন্দন গেটের কাজ চলমান রয়েছে।
এদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ি গ্রামে মাদক-অনলাইন জুয়া ও মোবাইলে আশক্তি কমাতে নতুন প্রজন্মের জন্য জমি লীজ নিয়ে খেলার মাঠ তৈরি করে তাক লাগিয়েছেন গ্রামবাসী। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে খেলার মাঠ পেয়ে খুশি সামলাবাড়িসহ আশপাশের চারটি গ্রামের বাসিন্দারা। এই মাঠটি যুগ যুগ সচল রাখার মধ্য দিয়ে সুস্থ্য দেহ-সুস্থ্য মন ও মাদকমুক্ত সমাজ গড়তে চান এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, এ যেন শুধু খেলার আনন্দ নয় ! একটি স্বপ্ন পুরনের আনন্দ। বাদ্যযন্ত্রের তালেতালে খেলার মাঠে নামছেন খেলোয়াড়েরা। ছিলো চোঁখেমুখে উচ্ছাস। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে নিজেদের হলো একটি খেলার মাঠ। রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ি গ্রাম। আশেপাশের আরো চারটি গ্রামে ছিলোনা কোন খেলার মাঠ। অন্যদিকে মাদক-অনলাইন জুয়া আর মোবাইলে আশক্তিতে চিন্তিত ছিলেন অভিভাবকরা।
এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মকে মাঠমূখি করতে উদ্যোগ নেন এলাকাবাসী। সম্মিলিত প্রচেষ্টায় ৩৫ হাজার টাকায় এক বছরের জন্য লীজ-ভাড়া নেওয়া হয় ৫২ শতাংশ জমি। মাঠ প্রস্তুুতের পর শুক্রবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে মাঠটি। উদ্বোধনের দিনই ছিলো ফুটবল, ভলিবল, লাঠি খেলা ও হা-ডু-ডু খেলাসহ বিভিন্ন প্রকার গ্রামীণ খেলা।
এলাকাবাসী জানান, এ মাঠে শুধু নতুন প্রজন্ম নয় সমান তালে খেলবেন মুরুব্বীরাও। হারিয়ে যাওয়া লাঠি খেলা ও হা-ডু-ডু খেলাসহ নানান খেলায় অংশ গ্রহন করবেন তারা।
এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শিক্ষক সমাজসহ সচেতন নাগরিকেরা। বলছেন এক বছরের জন্য নয় এ মাঠটি সচল থাক যুগ যুগ ধরে।
এই আয়োজনের মধ্য দিয়ে সুন্থ্য থাকবে দেহ-তৈরি হবে খেলোয়াড় আর দুর হবে মাদক এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। রাষ্ট্রের কাছে একটি স্থায়ী খেলার মাঠ দাবি সামলাবাড়িবাসির।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনে সভাপতি অধ্যক্ষ একেএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, স্টেডিয়ামের ভগ্নদশা জায়গা দখল, গ্যালারির বাজে অবস্থা, মাঠে খেলার অনুপযোগিসহ নানান প্রকার সঙ্কট রয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম একটি ডিও লেটার দিয়েছেন। সরেজমিনে দেখতে দ্রুতই আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
রাজবাড়ী জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা বলেন, দেশের একমাত্র এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটি যে প্রকল্পের আওতায় ছিল তা বিভিন্ন জটিলতায় বন্ধ হয়ে যায়। বর্তমানে এই প্রশিক্ষণ কেন্দ্রটি পুরোপুরি সচল করতে রাজবাড়ী এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র নামে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি চালু হলে এ শিল্পের সাথে জড়িতদের ব্যাপারেও ভাবা হবে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পৃষ্ঠপোষকতার অভাবে রাজবাড়ীর স্টেডিয়াম, সুইমিং পুল, শিল্পকলাসহ ক্রীড়াঙ্গন ও সংস্কৃতিতে দৈন্যতা চলছে। দৈন্যতা কাটাতে স্টেডিয়াম ও সুইমিং পুল পুর্নগঠনের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত। দীর্ঘদিন কোন নজরদারি না থাকায় ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিতে উর্বর রাজবাড়ীতে ভাটা পড়েছে। সেখান থেকে বের করার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে ক্রীড়ার সাথে জড়িত সব প্রতিষ্ঠান পুরোপুরি সচল করা হবে। এতে নতুন প্রজন্ম মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আশক্তি থেকে ফিরে আসবে।
