সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মদিন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা : গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা- সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

সোহেল রানা : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছর শিক্ষা, সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। তারা কোন উন্নয়ন করেনি। বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্যকর্ম ও অবদানকে গুরুত্ব দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে তাঁর ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, আলোচনা করেন, লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক সালাম তাছির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মোঃ সাইফুর রহমান ( খোকন মাহমুদ), রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক শাহজালাল প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, জেলা জাসাস সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী বলেন, আমরা সকল সংস্কৃতি ও সাহিত্য প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও সংস্কারের জন্য কাজ শুরু হয়েছে। বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রকে সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে। সেখানে গান-বাজনা, পাঠাগার ও পড়াশোনার সুযোগসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এর মাধ্যমে এ অঞ্চলে শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটবে এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত হবে।
তিনি আরও বলেন, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ সরকারি করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য তাঁর সঙ্গে কথা বলেছেন এবং ডিও লেটার দিয়েছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি। যেহেতু এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান, তাই সংস্কৃতি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কলেজটি সরকারি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গত ১৭ বছর কোন নির্বাচন হয়নি। দিনের ভোট রাতে করেছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। তাদের উপর হামলা করা হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদরাসাসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে।
তিনি বলেন, আমরা যাত্রা, সার্কাস আবার চালুর উদ্যোগ নিয়েছি। সারাদেশে সাংস্কৃতির প্রসারে আমরা কাজ শুরু করেছি। এ ধারা অব্যাহত রাখতে চাই।
জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য পদমদীতে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র।
স্মৃতিকেন্দ্রে তাঁর স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন এবং ভাইয়ের স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিও রয়েছে। সাহিত্যিক মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক মোট ৩৭টি বই রচনা করেছেন। তাঁর রচিত কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি।