কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কালুখালী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশের কালুখালী উপজেলা প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ ফজলুল হক, উপজেলা মৎস দপ্তরের ক্ষেত্র সহকারি মোঃ রিপন বিশ্বাস ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর লতিফ।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।
সমাপনী অনুষ্ঠান উপলক্ষে রতনদিয়া ইউনিয়নের মৎস্যজীবীদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ চত্বরে ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত দর্শনার্থীরা খেলাটি উপভোগ করেন এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, খামারি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।