
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে পাটবোঝাই নছিমনের সঙ্গে যাত্রীবাহী ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সিরাজুল পাংশা উপজেলার সাহমীরপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া এলাকায় কালুখালী-সাভারচর ঘাট সড়কে হরিণবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালুখালী থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি ইজি বাইক সাভারচর বাজারের দিকে যাচ্ছিল। পথে হরিণবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পাটবোঝাই একটি নছিমনের সঙ্গে ইজি বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকে থাকা দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর আহত সিরাজুল শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয় এবং ঢাকায় নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনার পর নছিমনটি জব্দ করেছে পুলিশ। তবে নছিমনের চালক ও ইজি বাইকচালক পালিয়ে গেছেন।
কালুখালী থানার এসআই ফারুক হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নছিমনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
