
মোঃ আমিরুল হক : আসন্ন ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ সাজেদুর রহমান ইদ্রিস।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি এলাকার মানুষের পাশে থাকার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস বলেন, ইসলামপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তাঁর লক্ষ্য হলো দুর্নীতি ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করা এবং সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি নাগরিকের সম্মান, অধিকার ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থানসহ জনসাধারণের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে গণসংযোগে অংশ নেন।
