জনগণের টাকায় কেনা হাসপাতালের আসবাবপত্র সময়মতো না আসার বিষয়টি গ্রহণযোগ্য নয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতালের জন্য সরকারের বরাদ্দ করা প্রায় ৬ কোটি টাকার ফার্নিচার কেন এখনো হাসপাতালে আসেনি। জনগণের টাকায় কেনা হাসপাতালের আসবাবপত্র সময়মতো হাসপাতালে না আসার বিষয়টি গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে এক সপ্তাহ সময় বেঁধে দিলাম। এই সময়ের মধ্যে হাসপাতালের আসবাবপত্র হাসপাতালে না এলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ সব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, জনগণের টাকা নিয়ে ছিনিমিনি করা চলবে না। জনগণের স্বাস্থ্য সুবিধা থেকে আপনাদের সামাজিক দায় এড়ানোর কোনো সুযোগ নেই। হাসপাতালকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। আমাদের সরকার জনগণের কল্যাণের জন্য কমিটেড। সেই জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। জনগণের কাছে জবাবদিহি করতে হবে। হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে পোস্টমর্টেমের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি প্রশ্ন রাখেন, হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসাসেবা না দিয়ে ক্লিনিকে প্র্যাকটিস করা কতটা যৌক্তিক। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এসময় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সদর হাসপাতালের উপপরিচালক ডা. এস এম এ হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী, ডা. রাজিব দে সরকার, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুর রহিম বক্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।