গোয়ালন্দে বিএসটিআই’র সহায়তায় অভিযান

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার উজানচর ও দৌলতদিয়া এলাকায় বিক্রিত পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই কর্তৃপক্ষের সাথে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মান, ওজন ও পরিমাপসংক্রান্ত বিষয় তদারকি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান এর নেতৃত্বে পরিচালিত তেলের দোকান, মুদির দোকান বেকারি ও হোটেলসহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসাপ্রতিষ্ঠান গুলোতে পণ্য বিক্রির ক্ষেত্রে ওজন ও পরিমাপের সঠিকতা এবং বিএসটিআইয়ের নির্ধারিত মানদণ্ড অনুসরণের বিষয়টি যাচাই করা হয়। এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে ওজন পরিমাপের মানদন্ড অনুসরণ না করায় দুইটি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮- এর ২৯ ও ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ও ৪৮ ধারা অনুযায়ী সর্বমোট ৮ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এসময় ওজন পরিমাপ কার্যে যথাযথ মানদন্ড ব্যবহারের বিষয়ে উপস্থিত সকলকে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান বজায় রাখা এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাজারে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ফলে ব্যবসায়ীদের মধ্যে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার প্রবণতা বাড়বে এবং ভোক্তারা পণ্যের মান ও সঠিক পরিমাপের ক্ষেত্রে আরও নিশ্চয়তা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।