তুরস্ক সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করা আ.লীগ নেতা বাশার খান : জেলাজুড়ে তীব্র ক্ষোভ

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে


ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়া আবুল বাশার খান তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে সফর সঙ্গী হওয়া নিয়ে জেলাজুড়ে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার(১২ নভেম্বর) দুপুরে সরকারি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে তুরস্কে অংশ নেওয়া বিভিন্ন সফরসঙ্গী, মন্ত্রীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা আবুল বাসার খানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা সমালোচনা ও তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সংশ্লিষ্ট, স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ও সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে তুরস্ক সফরে রয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুরের খান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। এ ছাড়া বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার কারণেই বিএনপির প্রার্থীর পরাজিত হয়েছে বলেও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের অভিযোগ, আবুল বাশার খান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। যার ফলে ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন বলে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিতর্কিত ব্যক্তি কীভাবে এবং কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, তা নিয়ে বিএনপির নেতাকর্মী ও জনমনে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা জানান, এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। এটা মেনে নেওয়ার মতো নয়। অনেক ত্যাগী নেতা স্থান পায়না অথচ একজন পদধারী আওয়ামী লীগ নেতা,ধানের শীষ প্রতীকের বিপক্ষে নির্বাচন করা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আবুল বাসার খান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন এটা খুবই বেদনাদায়ক।
এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক বলেন, আওয়ামী লীগের পদধারী একজন নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। যাচাই-বাছাই ছাড়াই তাঁকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন বলেন, এমন ঘটনা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রীর সফরে একজন ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা সফরসঙ্গী হন।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও হতাশাজনক। এ ঘটনায় শুধু ফরিদপুর-১ আসনের বিএনপির নেতাকর্মী-সমর্থকরা নয়, পুরো ফরবদপুর জেলা ও সারাদেশ ব্যাপী চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাজার হাজার নেতাকর্মীদের হ্রদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে এর সাথে জড়িতদের জবাবদিহিতার মধ্যে আনা উচিৎ। একজন আওয়ামী লীগের দোসর, পদধারী নেতা ও যার কারনে ফরিদপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের পরাজয় হয়েছে তিনি যদি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হন, তাহলে ভবিষ্যতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে কোন চক্রান্ত বা ষড়যন্ত্র রয়েছে কিনা তদন্ত পূর্বক বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার দাবী জানাই।