
বাসস : মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী এবং জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার চলমান সংঘাতের ক্ষতিকর প্রভাব সরাসরি বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে পড়ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই উদ্বেগের কথা জানান। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মানবিক কারণে বাংলাদেশ আশ্রয়হীন লাখ লাখ রোহিঙ্গাকে স্থান দিলেও অভ্যন্তরীণ সংঘাত ও সীমান্ত অস্থিরতার কারণে সার্বিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে।
বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের দেখভালে আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক আর্থিক ও লজিস্টিক সহায়তা দিন দিন হ্রাস পাচ্ছে, যা বাংলাদেশের সার্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর বাড়তি চাপ তৈরি করছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহকে পূর্বের ন্যায় উচ্চ মাত্রার সহায়তা অব্যাহত রাখার জোর আহ্বান জানান। একই সঙ্গে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় মিয়ানমারের ওপর কার্যকর বৈশ্বিক চাপ সৃষ্টি করবে, যা বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিজেদের আদি ভূমিতে ফেরত পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান জানান, তাঁদের তদন্তকারী দল কক্সবাজারসহ বিভিন্ন আশ্রয়শিবির সরেজমিনে পরিদর্শন করে প্রায় দুই শতাধিক ভিকটিম ও প্রত্যক্ষদর্শীর সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেছে। সংগৃহীত এসব তথ্য-প্রমাণ ও নথি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনালগুলোতে জমা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আইআইএমএম তাদের তদন্তকাজ কেবল ২০১৭ সালের বড় অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না; বরং সাম্প্রতিক সময়ে রাখাইনে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর তীব্র সংঘর্ষের ফলে সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর যে নতুন করে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, তাও আন্তর্জাতিক আদালতের জন্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে নথিভুক্ত করা হচ্ছে।
বৈঠকে সীমান্ত পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে মিয়ানমার অংশের পুঁতে রাখা ল্যান্ডমাইনের মারাত্মক ঝুঁকির কথা তুলে ধরেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে মিয়ানমারের পুঁতে রাখা বিপজ্জনক মাইনগুলো আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে চলে আসছে, যার ফলে সীমান্তবর্তী সাধারণ কৃষক ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন চরম ঝুঁকির মুখে পড়ছে। এছাড়া সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গৃহীত সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করা হয়; একই সঙ্গে সম্প্রতি সীমান্ত পেরিয়ে আসা ভিকটিমদের কাছ থেকে তথ্য সংগ্রহে আইআইএমএম টিমকে মাঠপর্যায়ের বিজিবি কমান্ডারদের সঙ্গে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির পক্ষ থেকে ইতিবাচক সম্মতি প্রদান করা হয়।
